শিরোনাম

বগুড়া, ২৬ এপ্রিল ২০২৬ (বাসস): জেলার দুপচাঁচিয়া উপজেলায় আজ পুকুরের পানিতে ডুবে আব্দুর রউফ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ রোববার দুপুরে দুপচাঁচিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের জে কে কলেজ সংলগ্ন বন বিভাগের একটি পুকুরে এ ঘটনা ঘটে।
মৃত শিশু আব্দুর রউফ জেলার দুপচাঁচিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রবাসী মকবুল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে শিশু আব্দুর রউফ তার বন্ধু সোহানকে সঙ্গে নিয়ে বাড়ির কাছাকাছি বন বিভাগের একটি পুকুরে গোসল করতে যায়। পরিবারের নিষেধ উপেক্ষা করে পুকুরে নামে শিশুটি। গোসলের একপর্যায়ে আব্দুর রউফ পুকুরের পানিতে তলিয়ে যায়। এসময় তার সঙ্গে থাকা শিশু সোহান চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে গিয়ে শিশু রউফকে উদ্ধার করেন। পরে, গুরুতর অবস্থায় শিশু আব্দুর রউফকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজলিমুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।