শিরোনাম

ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ৯ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
আজ দুপুরে মিরপুর বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল। এ সময় মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী ‘আলহাজ্ব এন্টারপ্রাইজ’ নামক একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৯ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক সিজারমূল্য ২৯ লাখ ৯১ হাজার টাকা।
এর আগে, একই দিন আনুমানিক রাত পৌনে দুইটার দিকে বিজিবি’র কাজীপুর বিওপি’র একটি টহল দল কাজীপুর বর্ডার পাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২০ বোতল ভারতীয় মদ, ৯০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৬০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করে।
জব্দকৃত পণ্যের আনুমানিক সিজারমূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা।
প্রায় একই সময়ে প্রাগপুর বিওপি’র টহল দল দায়িত্বপূর্ণ গরুরা মাঠ এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে ৪ হাজার ৬৪০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করে, যার আনুমানিক সিজারমূল্য ২ লাখ ৫৫ হাজার ২০০ টাকা।
এ ছাড়াও একই দিন আনুমানিক রাত ২টার দিকে জামালপুর বিওপি’র দায়িত্বপূর্ণ ধর্মদাহ মাঠ এলাকায় পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজারমূল্য ১৪ হাজার টাকা।
এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি জানান, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সর্বদা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।
দেশের যুব সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা ও সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।