বাসস
  ২৬ এপ্রিল ২০২৬, ১৯:৪২

মুন্সিগঞ্জে যাত্রীবাহী লঞ্চে মুমূর্ষু শিশুকে কোস্ট গার্ডের জরুরি চিকিৎসা সেবা 

ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : মুন্সিগঞ্জে যাত্রীবাহী লঞ্চে মুমূর্ষু শিশুকে জরুরি চিকিৎসা সেবা প্রদান করেছে কোস্ট গার্ড। আজ রোববার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, আজ এক ব্যক্তি তার অসুস্থ শিশুকে (২ বছর) নিয়ে উন্নত চিকিৎসার জন্য এম ভি সম্পদ লঞ্চে ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। 

পথে লঞ্চটি দুপুর ১২টায় চাঁদপুর সংলগ্ন এলাকায় পৌঁছালে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটলে তৎক্ষণাৎ শিশুর পিতা কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১ এ বিষয়টি অবগত করেন। 

পরে কোস্ট গার্ড স্টেশন পাগলা থেকে একটি মেডিক্যাল টিম হাই স্পিড বোট যোগে দ্রুত লঞ্চে গমন করে এবং শিশুটিকে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করে।

সাব্বির আলম সুজন আরও বলেন, পরবর্তীতে দ্রুত হাসপাতালে স্থানান্তরের জন্য শিশুটিকে কোস্ট গার্ডের বোট যোগে সদরঘাটে আনা হয় এবং সিভিল যানবাহন যোগে মা ও শিশু হাসপাতাল, শ্যামলীতে পৌঁছে দেওয়া হয়।