শিরোনাম

সাতক্ষীরা, ২৬ এপ্রিল ২০২৬ (বাসস): জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ওষুধসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।
জব্দকৃত এসব মালামালের আনুমানিক মূল্য ১৯ লাখ ৩০ হাজার ছয়শ’ টাকা।
আজ রোববার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার তলুইগাছা, পদ্মশাখরা, হিজলদী, সুলতানপুর ও কাঁকডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার মাল্টা বাগান নামক স্থান হতে ভারতীয় ওষুধ, পদ্মশাখরা বিওপি পৃথক দুটি বিশেষ আভিযানিক দল একই উপজেলার হাড়দ্দা ও শাখরা আশার মোড় নামক স্থান ১৪ বোতল ভারতীয় ফেন্সিডিল ও চিংড়ি মাছের রেণু, হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার আমবাগান নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ এবং সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার তালশাড়ি নামক স্থান থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।
এছাড়া, কাঁকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার ভাদিয়ালী নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে। জব্দকৃত এসব মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ১৯ লাখ ৩০ হাজার ছয়শ’ টাকা।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়া, জব্দকৃত মাদকদ্রব্যসমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।