বাসস
  ২৬ এপ্রিল ২০২৬, ১৮:২০

বাগেরহাটের মোল্লাহাটে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

বাগেরহাট,২৬ এপ্রিল ২০২৬(বাসস): জেলার মোল্লাহাট উপজেলায় অটোরিকশার ধাক্কায় সাফিদ ফরাজী (৪) নামে এক শিশু নিহত হয়েছে। 

আজ  রোববার সকাল ৯টার দিকে উপজেলার মেঝেরা গাওলা এলাকায় মোল্লাহাট-খুলনা পুরাতন সড়কে নবনির্মিত ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাফিদ ফরাজী ওই এলাকার বাসিন্দা রাসেদ ফরাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার্থীদের বহনকারী একটি অটোরিকশা পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে শিশুটি হঠাৎ দৌড়ে সড়কে উঠে পড়ে। এ সময় অটোরিকশাটি তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রমজানুল হক জানান, দুর্ঘটনার পর শিশুটিকে তার স্বজনরা ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করার পর ফকিরহাট থানা পুলিশ সুরতহাল সম্পন্ন করেছে। বিষয়টি আইনগত প্রক্রিয়ায় দেখা হচ্ছে বলেও তিনি জানান।