বাসস
  ২৫ এপ্রিল ২০২৬, ১৫:০৫

নওগাঁয় বিনামূল্যে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

জেলায় আজ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী আউশ জাতের ধান বীজ ও সার বিতরণ করা হয়। ছবি : বাসস

নওগাঁ, ২৫ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলায় আজ খরিপ-১ মৌসুমে ৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশী আউশ জাতের ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি বিভাগের আয়োজনে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলা পরিষদের হলরুমে এসব বিতরণ করা হয়।

সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। 

সংসদ সদস্য বলেন, ‘ধান-চাল উৎপাদনে নওগাঁ বরাবরই এগিয়ে। সারাদেশের খাদ্যের সিংহভাগ সরবরাহ হয়ে থাকে নওগাঁ থেকে। বাংলাদেশের শতকরা ৭০ শতাংশ মানুষ কৃষিকাজের ওপর নির্ভরশীল। বর্তমান সরকার কৃষিবান্ধব নীতির মাধ্যমে কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কৃষি কার্ড চালু করে কৃষকদের কৃষি প্রণোদনার আওতায় আনা হচ্ছে।’

তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির সঙ্গে কৃষির নিবিড় সম্পর্ক রয়েছে। কৃষকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি, তাই কৃষি কার্ড চালুর মাধ্যমে সকল কৃষককে কৃষি প্রণোদোনার আওতায় আনা হচ্ছে।

এ কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ৫ কেজি করে আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হবে।

আয়োজকরা বাসস’কে জানান, আউশ ধানকে আপদকালীন ফসল হিসেবে ধরা হয়। বন্যা বা প্রাকৃতিক দুর্যোগের সময় এই ফসল কৃষকের জন্য বাড়তি সহায়তা দেয়। কিন্তু বিভিন্ন কারণে আউশ চাষে আগ্রহ কমে যাওয়ায় উৎপাদনও কমছে। এ পরিস্থিতি পরিবর্তনের লক্ষ্যে কৃষি বিভাগ মাঠ পর্যায়ে কৃষকদের প্রণোদনা সহায়তা দিচ্ছে। বিনামূল্যে বীজ ও সার পাওয়ায় কৃষকদের উৎপাদন খরচ কমবে এবং তারা আউশ চাষে আরও উৎসাহিত হবেন বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে আউশের আবাদ বৃদ্ধি পাবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাইরুল আলম গোল্ডেন, জেলা বিএনপির সাবেক যুগ্ন-আহবায়ক আমিনুল ইসলাম বেলাল, সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, বক্তারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সারোয়র কামাল চঞ্চল প্রমুখ।