শিরোনাম

মাদারীপুর, ২৫ এপ্রিল, ২০২৬ (বাসস) : মাদারীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রমের প্রচার-প্রচারণা জোরদার এবং এই বিষয়ে গণমাধ্যমকর্মীদের অবহিতকরণ ও সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা আজ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে জেলা প্রশাসন আয়োজিত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও বিকাশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে এই কার্যক্রমের ব্যাপক প্রচার-প্রচারণার ওপর গুরুত্বারোপ করা হয়, যাতে জেলার প্রতিটি পর্যায়ে এই উদ্যোগের বার্তা পৌঁছে দেয়া সম্ভব হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তারের সভাপতিত্বে সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ মাদারীপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল আহমেদ।
এসময় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রমের সফল বাস্তবায়নে করণীয়, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা এবং সাংবাদিকদের পক্ষ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরা হয়।