বাসস
  ২৫ এপ্রিল ২০২৬, ১৪:৩৯

ভোলায় কোস্টগার্ডে’র অভিযানে গাঁজাসহ ২ জন আটক

ভোলায় পৃথক ২টি অভিযানে গাঁজাসহ ২ জনকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। ছবি: বাসস

ভোলা, ২৫ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলায় পৃথক ২টি অভিযানে ১ লাক্ষ টাকা মূল্যের ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ২ জনকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।

কোস্টগার্ড দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লে. মো. আবুল কাশেম আজ সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আটককৃতরা হলেন, ভোলা সদরের উত্তর দিঘলদী ইউনিয়নের বাসিন্দা মৃত-মো.লাল মিয়ার ছেলে মো. রাজিব হোসেন (২৬) ও ভোলা সদরের বাপ্তা ইউনিয়নের বাসিন্দা মো. আবুল বাশার মিয়ার ছেলে মো. রিপন (৪৩)।

কোস্টগার্ড দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লে. মো. আবুল কাশেম বাসস’কে জানান, ভোলার সদর থানাধীন পূর্ব চরকালি সুন্দরবন গ্যাস ফিল্ড সংলগ্ন এলাকায় গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টায় কোস্টগার্ড বেইস ভোলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান চলাকালে ওই এলাকায় তল্লাশি করে ৬০ হাজার টাকা মূল্যের ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ১ জনকে আটক করা হয়।

অপরদিকে, একই সময়ে ভোলার সদর থানাধীন উত্তর দিঘলদী ইউনিয়নের ঘুইংগারহাট সংলগ্ন এলাকায় কোস্টগার্ড বেইস ভোলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই এলাকায় তল্লাশি চালিয়ে ৪০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজাসহ ১ কারবারিকে আটক করা হয়।

জব্দকৃত গাঁজা এবং আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়। মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।