শিরোনাম

রংপুর, ২৫ এপ্রিল, ২০২৬ (বাসস) : রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের আজ এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও জালিয়াতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ১জনকে আটক করেছে পুলিশ।
শনিবার ভোরে পরিচালিত এই অভিযানে আটক হন স্বপন মিয়া। তিনি রংপুর মহানগরীর চব্বিশ হাজারী কদমতলা পরশুরাম এলাকার বাসিন্দা।
অভিযানকালে ডিবি পুলিশ তার কাছ থেকে ১৪টি নন-জুডিশিয়াল স্ট্যাম্প, ১১টি স্বাক্ষরযুক্ত ব্ল্যাংক ও টাকার পরিমাণ বসানো চেক, মাদক বিক্রয়ের নগদ ২লাখ ৪৯ হাজার টাকা উদ্ধার করে। এছাড়া কোডিন ফসফেটযুক্ত এসকাফ ৪ বোতল ও ফেয়ারডিল ৬ বোতলসহ মোট ১০ বোতল মাদক সিরাপ জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, মাদকসেবীদের কাছ থেকে বন্ধকী রাখা ৫টি স্মার্টফোন, ৬০ বোতল উত্তেজক পানীয় এবং একটি এপাচি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বিষয়টি বাসস’কে নিশ্চিত করে জানিয়েছেন, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।