বাসস
  ২৪ এপ্রিল ২০২৬, ১৮:৪৮

ভোলায় বিপুল পরিমাণে জ্বালানি ও ভোজ্য তেল জব্দ 

ঢাকা, ২৪ এপ্রিল, ২০২৬ (বাসস): ভোলার দৌলতখানে অবৈধ মজুত করা ২ হাজার ৮৫০ লিটার জ্বালানি তেল ও ৯০০ লিটার ভেজাল ভোজ্য তেল জব্দ করেছে কোস্ট গার্ড।

আজ শুক্রবার বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোলার দৌলতখান থানার বিউটি রোড সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় বৃহস্পতিবার রাত ১০টায় কোস্ট গার্ড বেইস ভোলা বিশেষ অভিযান চালায়। এতে ছয়টি দোকান তল্লাশি করে অবৈধ মজুত থাকা প্রায় ৫ লাখ ৪০ হাজার ৭৫০ টাকা মূল্যের ২ হাজার ৮৫০ লিটার অবৈধ জ্বালানি তেল (ডিজেল, পেট্রোল ও অকটেন) ও ৯০০ লিটার ভেজাল ভোজ্য তেল জব্দ করা হয়। 

জব্দকৃত জ্বালানি তেল দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে বাজার মূল্যে বিক্রি এবং ভেজাল ভোজ্য তেল বিনষ্ট করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।   

তিনি আরও বলেন, অবৈধ মজুত ও কৃত্রিম সংকট রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।