বাসস
  ২৪ এপ্রিল ২০২৬, ১৮:৪৫

দিনাজপুরে সড়কের পাশে সজনে গাছের কাটিং রোপণ 

ছবি : বাসস

দিনাজপুর, ২৪ এপ্রিল ২০২৬ (বাসস): জেলার হাকিমপুর উপজেলায় আজ খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে বিভিন্ন সড়কের পাশে সজনে গাছের ডালের প্রায় তিনহাজার কাটিং রোপণ করা হয়েছে।

আজ শুক্রবার বিকেল ৪টায় হাকিমপুর উপজেলায় হিলি-ঘোড়াঘাট সড়কের দুইপাশে সজনে গাছের ডালের কাটিং রোপণ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা। 

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মিজ আরজেনা বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ রানা, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 

উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম জানান, উদ্বোধনী কার্যক্রমে সড়কের দু’পাশে প্রায় তিনহাজার সজনে গাছের ডালের কাটিং রোপণ করা হয়েছে। সজনে গাছের ডালের কাটিং রোপণে তেমন কোনো খরচ নেই এবং বিশেষ যত্ন ছাড়াই এটি বেড়ে ওঠে। এজন্য কৃষি বিভাগের উদ্যোগে উপজেলার বিভিন্ন সড়ক, গ্রামের পরিত্যক্ত জায়গা, ফসলি জমির আইল এবং রেললাইনের পাশে সজনে গাছের ডালের কাটিং লাগানো হচ্ছে।