বাসস
  ২৪ এপ্রিল ২০২৬, ১৮:৪৪

টাঙ্গাইলে বিসিক উদ্যোক্তা মেলা শুরু

ছবি : বাসস

টাঙ্গাইল, ২৪ এপ্রিল, ২০২৬ (বাসস) : বিসিক টাঙ্গাইল জেলা কার্যালয়ের উদ্যোগে টাঙ্গাইলে ১০ দিনব্যাপী ক্ষুদ্র ও কুঠির শিল্প কর্পোরেশন (বিসিক) উদ্যোক্তা মেলার আজ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকেলে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে বেলুন ও কবুতর উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, বিসিক -এর ঢাকা আঞ্চলিক কার্যালয়ের পরিচালক মানছুরুল করিম, বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক শাহনাজ বেগম প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিসিক উদ্যোক্তা মেলায় স্থানীয় ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন ও বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে উদ্যোক্তারা নতুন ক্রেতা ও ব্যবসায়িক সুযোগ তৈরি করতে পারবেন, যা স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করবে। সেই সাথে বিসিক মেলার মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তরা তাদের পণ্যের প্রসারতা ও ব্রান্ডিং করার সুযোগ পেয়ে থাকে। এই মেলার মাধ্যমে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে একটা মেলবন্ধন তৈরি হয়।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

আয়োজকরা জানান, জেলা প্রশাসনের সহযোগিতায় ও বিসিক টাঙ্গাইল জেলা কার্যালয়ের উদ্যোগে এই মেলায় ৬৫টি স্টলে উদ্যোক্তারা দেশীয় পণ্য, হস্তশিল্প, খাদ্যদ্রব্যসহ তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রয় করবেন। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। আগামী ৩ মে পর্যন্ত মেলা চলবে।