বাসস
  ২৪ এপ্রিল ২০২৬, ১৮:৩৬
আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ১৯:২০

ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে নাটোরে গণমাধ্যম কর্মীদের সাথে আলোচনা 

ছবি : বাসস

নাটোর, ২৪ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলায় ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত গণমাধ্যম কর্মীদের অংশগ্রহনে ‘সিভিক স্পেস, মিডিয়া রিপ্রেজেনটেশন এন্ড সিভিল সোসাইটি এনগেজমেন্ট’ শীর্ষক এক আলোচনা সভা আজ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বিকেল ৩টায় জেলা শহরের একটি রেস্তোরাঁয় সমন্বিতভাবে এই সভার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা আমরাই পারি, লাস্টার, নীডা, অর্পা এবং পিকেএসএস।

সভায় বক্তারা বলেন, বৈচিত্রে ভরপুর বিভিন্ন জাতি-গোষ্ঠিই আমাদের ঐক্যবদ্ধ জাতিসত্তার ঠিকানা। এই ঐক্যকে সমুন্নত রেখে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। এই লক্ষ্যে পিছিয়ে পড়া বিভিন্ন জনগোষ্ঠির সমস্যা ও উত্তরণের উপায় নিয়ে গণমাধ্যম কর্মীদের কাজ করার অবারিত সুযোগ আছে। এরফলে রাষ্ট্রীয় নীতি নির্ধারণে সহায়ক হবে। সার্বিকভাবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠিসহ সকল জনগোষ্ঠির জীবনমানের উন্নয়ন হবে।

‘আমরাই পারি জোট’ -এর প্রধান নির্বাহী জিনাত আরা হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আমরাই পারি জোটের কনসালটেন্ট সঞ্জয় দে এবং সদস্য মারুফিয়া নূর, নাটোর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, প্রথম আলো’র মুক্তার হোসেন, গণমাধ্যম কর্মী কালিদাস রায় ও অমর ডি কস্তা।