বাসস
  ২৩ এপ্রিল ২০২৬, ২১:১৬

কক্সবাজারে বিজিবির অভিযানে ২৪,৮০০ পিস ইয়াবাসহ আটক ২

ঢাকা, ২৩ এপ্রিল, ২০২৬ (বাসস) : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের রামু উপজেলার মরিচ্যা এলাকায় যৌথ চেকপোস্টের মাধ্যমে ২৪ হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছে।  

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাতে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) যৌথ চেকপোস্টের মাধ্যমে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ দুই জনকে আটক করা হয়। 

রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গাড়ির চালক মো. রাসেল ফরাজি (৪০) এবং অন্য আরোহী মেহেদী হাসান টিপুর (২২) গতিবিধি ও কথাবার্তা অসংগতিপূর্ণ হওয়ায় গাড়িটি তল্লাশি করা হয়। 

তল্লাশি করে কাভার্ড ভ্যানের চালকের সিটের নিচে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ২৪ হাজার ৮০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৭৪ লাখ ৪০ হাজার টাকা।

আটককৃত রাসেল ফরাজী বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বরপাশা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে এবং মেহেদী হাসান টিপু কুমিল্লার লাকসাম উপজেলার খাড়াখাল গ্রামের তাজুল ইসলামের ছেলে। 

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।