শিরোনাম

চট্টগ্রাম, ২৩ এপ্রিল ২০২৬ (বাসস) : চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশের বিশেষ অভিযানে ১৫টি মামলায় অভিযুক্ত মো. আবুল কাশেম ওরফে ‘নলা কাশেম’কে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল জানান, বুধবার রাতে এক অভিযানে জঙ্গল সলিমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ছয় রাউন্ড তাজা গুলি উদ্ধার করে পুলিশ।
তিনি আরো বলেন, নলা কাশেমের বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্র আইন লঙ্ঘন ও হত্যাসহ বিভিন্ন অভিযোগে প্রায় ১৫টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে জঙ্গল সলিমপুরে এক র্যাব কর্মকর্তাকে হত্যার মামলাও রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।