শিরোনাম

সিলেট, ২৩ এপ্রিল ২০২৬ (বাসস) : জেলার গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকার ভারতীয় চোরাইপণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বৃহস্পতিবার বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে বাংলাবাজার, লাফার্জ, সংগ্রাম, প্রতাপপুর, তামাবিল, শ্রীপুর, মিনাটিলা ও ডিবিরহাওর বিওপির আওতাধীন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় গরু, মহিষ, ছাগল, চিনি, চকলেট এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক বাজার মূল্য ৫০ লাখ ৩৬ হাজার টাকা।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে সীমান্তবর্তী এলাকায় পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ চোরাইপণ্য জব্দ করা হয়েছে। জব্দ করা মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।