শিরোনাম

ঢাকা, ২৩ এপ্রিল, ২০২৬ (বাসস) : চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৮৮টি ভারতীয় মোবাইল ফোন সেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল বুধবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল অধীনস্থ মাসুদপুর বিওপি’র দায়িত্বপূর্ণ শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মনোহরপুর এলাকায় অভিযান পরিচালনা করে এসব মোবাইল ফোন সেট জব্দ করে।
বিজিবি জানায়, জব্দকৃত মোবাইল ফোন সেটগুলোর আনুমানিক বাজার মূল্য ২৮ লাখ টাকা।
পরবর্তীতে জব্দকৃত মোবাইল ফোন সেটগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ এবং মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সর্বদা তৎপর রয়েছে।
তিনি আরও জানান, জ্বালানি ও ভোজ্য তেল চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় ও নদীপথে অতিরিক্ত টহল, চেকপোস্ট পরিচালনা ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।