বাসস
  ২৩ এপ্রিল ২০২৬, ১৮:৩৭

মুন্সিগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ কোস্ট গার্ডের 

ঢাকা, ২৩ এপ্রিল, ২০২৬ (বাসস) : মুন্সিগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড। আজ বৃহস্পতিবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। 

সাব্বির আলম সুজন আরও বলেন, দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষদের বিভিন্ন সময় মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে কোস্ট গার্ড।

তিনি বলেন, এরই ধারাবাহিকতায় আজ সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোস্ট গার্ড ঢাকা জোনের ব্যবস্থাপনায় মুন্সিগঞ্জের লৌহজং থানাধীন কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মাতে মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। 

মেডিক্যাল ক্যাম্পেইনে ৪১৩ জন অসহায়, গরীব, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী প্রদান করা হয়। 

কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান সাব্বির আলম।