শিরোনাম

গোপালগঞ্জ, ২৩ এপ্রিল, ২০২৬ (বাসস): বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত উন্নয়ন কার্যক্রম জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গোপালগঞ্জের কোটালীপাড়ায় গতকাল এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেলে কোটালীপাড়া পৌরসভার পারকোনা গ্রামে গোপালগঞ্জ জেলা তথ্য অফিস এই সভার আয়োজন করে।
জেলা তথ্য কর্মকর্তা মো. সুলাইমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন।
এতে স্থানীয় জনপ্রতিনিধি,সুশীল সমাজের প্রতিনিধি এবং নারীরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি’র বক্তব্যে ডালিয়া ইয়াসমিন বলেছেন, ‘বর্তমান সরকার বৈশ্বিক জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় আগামী ৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ করার এক বিশাল উদ্যোগ গ্রহণ করেছে। এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হলে একদিকে যেমন দেশে সবুজ বনায়ন সৃষ্টি হবে, তেমনি রক্ষণাবেক্ষণ ও নার্সারি ব্যবস্থাপনার মাধ্যমে অসংখ্য বেকারের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।’
সভাপতির বক্তব্যে জেলা তথ্য কর্মকর্তা মো. সুলাইমান সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কার্যক্রম তুলে ধরেন। তিনি জানান, ‘সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশব্যাপী ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি শুরু হয়েছে এবং এটি পর্যায়ক্রমে প্রতিটি প্রান্তে পৌঁছে দেয়া হবে। ফ্যামিলি কার্ড পেতে কোনো ধরনের আর্থিক লেনদেন করবেন না। এটি জনগণের অধিকার এবং সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় বিতরণ করা হচ্ছে।’
পাশাপাশি তিনি কৃষক কার্ডের সুবিধা, বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ এবং বর্তমানে চলমান হামের টিকাদান কর্মসূচি সফল করতে উপস্থিত নারীদের উদ্বুদ্ধ করেন।
সমাবেশ শেষে উপস্থিত নারী ও সাধারণ মানুষের মাঝে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে নির্মিত বেশ কিছু প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। ফ্যামিলি কার্ডের ব্যবহার, কৃষক কার্ডের সুবিধা, নারীদের জন্য যাতায়াত ব্যবস্থা এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।