বাসস
  ২৩ এপ্রিল ২০২৬, ১৬:০৬

খুলনায় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

খুলনা, ২৩ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার পাইকগাছা উপজেলার খড়িয়া ধরেঙ্গা চর গ্রামে চার বছর আগে সুখেন সরদার নামে এক ব্যক্তিকে হত্যার মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ওই মামলার অন্য আসামিকে খালাস দেওয়া হয়েছে। 

খুলনা জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী আজ বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি হলেন প্রকাশ সরদার। তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং তার স্ত্রী রূপা সরদারকে খালাস দেওয়া হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ৭ মার্চ রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার একটি চিংড়ি ঘেরের পাশে সুখেন সরদারকে হত্যা করা হয়। নিহতের মা অমেলা রানী সরদার অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ৮ মার্চ সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। থানার সাব-ইন্সপেক্টর সুকান্ত প্রকাশ সরদার ও  রূপা সরদার দম্পতিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

চার্জশিটে উল্লেখ করা হয়, ঘটনার রাতে সুখেনকে প্রতিপক্ষ ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে লাশ চিংড়ি ঘেরের পানিতে ফেলে দেয়। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল। রক্তাক্ত অবস্থায় সুখেনকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পিপি তৌহিদুর রহমান চৌধুরী তুষার ও আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট স্বর্ণালী দাস।