শিরোনাম

পটুয়াখালী, ২৩ এপ্রিল, ২০২৬ (বাসস) : ‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে পটুয়াখালীর বাউফল উপজেলায় আজ জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাউফল এর বাস্তবায়নে বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ প্রধান অতিথির বক্তব্য দেন।
প্রধান অতিথি সালেহ আহমেদ বলেন, স্বাস্থ্য সুরক্ষায় ভেজালমুক্ত খাবারের কোনো বিকল্প নেই। তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদের সচেতন করার আহ্বান জানান।
তিনি বলেন, পুষ্টি নিশ্চিত করতে কৃষিনির্ভরতা বাড়াতে হবে এবং নিজস্ব উদ্যোগে ফলমূল ও বিভিন্ন ফসল উৎপাদনে গুরুত্ব দিতে হবে। এতে পরিবারে পুষ্টিকর ও ভেজালমুক্ত খাবারের চাহিদা পূরণ করা সম্ভব হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মিলন মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু রায়হান, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম সিরাজসহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।