বাসস
  ২৩ এপ্রিল ২০২৬, ১৪:১০

রাজশাহীতে গাঁজাসহ বাবা-ছেলে আটক

ছবি : বাসস

রাজশাহী, ২৩ এপ্রিল, ২০২৬ (বাসস) : রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে ৩৬ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ বাবা-ছেলেকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। 

গতকাল বুধবার বিকেলে তেরখাদিয়া পশ্চিমপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মো. শাহজাহান আলী (৫৮) ও তার ছেলে মো. রিদওয়ান ইসলাম ওরফে হৃদয় (৩০)। 

আজ বৃহস্পতিবার সকালে র‌্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সদর কোম্পানির একটি আভিযানিক দল শাহজাহান আলীর বাড়িতে তল্লাশি চালিয়ে ঘরে মজুতকৃত ৩৬.৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সাথে তাদের কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত ২টি মোবাইল ও ৩টি সিম কার্ড জব্দ করা হয়।

র‌্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে যোগসাজশ করে অবৈধভাবে গাঁজা সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। এই ঘটনায় রাজপাড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানায় র‌্যাব।