শিরোনাম

নেত্রকোণা, ২৩ এপ্রিল ২০২৬ (বাসস): জেলায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬ উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান সভায় সভাপতিত্ব করেন।
জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, মে দিবসের ঐতিহাসিক তাৎপর্য সমুন্নত রাখা এবং কর্মক্ষেত্রে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। দিবসটি সুষ্ঠুভাবে পালনের জন্য তিনি সংশ্লিষ্ট সব দপ্তর ও ব্যক্তিকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামানের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সরকারের উপপরিচালক ও নেত্রকোণা পৌরসভার প্রশাসক মো. আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার, আঞ্চলিক শ্রম দপ্তর ময়মনসিংহের সহকারী পরিচালক মুহাম্মদ রকিবুল হাসান ও শ্রম কর্মকর্তা আব্দুল খালেক শিকদার।
এছাড়াও সভায় জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা সড়ক বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান খান, জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আব্দুল জলিল এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন বক্তব্য প্রদান করেন।
সভায় দিবসটি উদযাপনে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় সচেতনতামূলক কার্যক্রম।
আঞ্চলিক শ্রম দপ্তর, ময়মনসিংহ এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, ময়মনসিংহের সহযোগিতায় অনুষ্ঠিত এই সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।