বাসস
  ২৩ এপ্রিল ২০২৬, ১১:৫৬

মোহনগঞ্জে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় নারী নিহত

প্রতীকী ছবি

নেত্রকোণা, ২২ এপ্রিল ২০২৬ (বাসস): জেলার মোহনগঞ্জে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় আনুমানিক ৫৫ বছর বয়সী এক অজ্ঞাত নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেল  ৪টার দিকে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের অদূরে কাজিয়াটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ‘মহুয়া কমিউটার’ ট্রেনটি মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছিল। বিকেল পৌনে ৪টার দিকে ট্রেনটি স্টেশনের প্রায় দুইশ গজ পশ্চিমে কাজিয়াটি এলাকা অতিক্রম করার সময় ওই নারী অসতর্কতাবশত রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। এ সময় দ্রুতগামী ট্রেনের ধাক্কায় তিনি দূরে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসসকে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে। নিহত নারীর পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে তার হাতে শাখা পড়া থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি সনাতন ধর্মাবলম্বী। 

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, অসতর্কভাবে রেললাইন পার হতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।।