শিরোনাম

চাঁদপুর, ২২ এপ্রিল ২০২৬ (বাসস): জেলার সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে মেঘনা নদীর মিনি কক্সবাজার নামক এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ দুই কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।
আজ বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
সাব্বির আলম সুজন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর মিনি কক্সবাজার সংলগ্ন এলাকায় আজ বিকেল ৩ টায় কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি যাত্রীবাহী বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ১২ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার বান্দিঘর গ্রামের সুর জামালের পুত্র মো. জীবন সরকার (২৬) ও শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার সিংহল মুড়ি গ্রামের তহিজুদ্দিনের পুত্র জাহিদ ইসলাম (৩২)। জব্দকৃত গাঁজা ও আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।