বাসস
  ২২ এপ্রিল ২০২৬, ১৯:৪৫

রংপুরে ৬০০ লিটার ডিজেল উদ্ধার, আটক ২

রংপুর, ২২ এপ্রিল, ২০২৬ (বাসস):  র‌্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে অবৈধভাবে মজুত রাখা ৬০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত দুই জনকে আটক করে তাদের দুই মাসের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

রংপুর র‌্যাব ১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতরাত ৩ টার দিকে রংপুর নগরীর ১১ নম্বর ওয়ার্ডের পূর্ব জলকরিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা হলেন, পূর্ব জলকরিয়া গ্রামের বাসিন্দা হানিফ (৪০) ও শাহীন (৩৫)। তাদের দুইজনকে রংপুর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে। 

সূত্র জানায়, জ্বালানি তেলের সংকট তৈরির উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে তারা অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে আসছিলেন। বাজারে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে তেল বিক্রি করাই ছিল তাদের প্রধান উদ্দেশ্য। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত যৌথভাবে পূর্ব জলকরিয়া এলাকার দুটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় তল্লাশি চালিয়ে ৬০০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। এসময় হানিফের বাড়ি থেকে প্রায় ২০০ লিটার এবং শাহীনের বাড়ি থেকে ৪০০ লিটার ডিজেল জব্দ করা হয়। পরে  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই অভিযুক্তকে দুই মাসের কারাদ- প্রদান করা হয়। 

জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জিজ্ঞাসাবাদে আটককৃতরা দাবি করেছেন, উদ্ধারকৃত তেল তাদের নয়। শাওন ও সাহেব নামের দুজন ব্যবসায়ী এই তেলগুলো তাদের বাড়িতে সংরক্ষণের জন্য রেখেছিলেন। 

জেলা প্রশাসন কর্তৃপক্ষ জানায়, জ্বালানি তেলের কালোবাজারি ও অবৈধ মজুত রোধে এমন অভিযান অব্যাহত থাকবে।