বাসস
  ২২ এপ্রিল ২০২৬, ১৮:২৭

রাঙামাটিতে উন্নয়ন বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

ছবি : বাসস

রাঙামাটি, ২২ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার কাপ্তাইয়ে আজ উন্নয়ন বিষয়ক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মাসিক সাময়িকী রূপসী কাপ্তাইয়ের আয়োজনে আজ  বুধবার দুপুরে কাপ্তাই শিলছড়ি ফ্লোটিং প্যারাডাইস রেস্টুরেন্টে অনুষ্ঠিত বৈঠকে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

উপজেলার বিশিষ্ট প্রাবন্ধিক ও কাপ্তাই ওয়াগ্গা টি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রশীদ কাদেরীর সভাপতিত্বে ও রূপসী কাপ্তাইয়ের সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন, কাপ্তাই কর্ণফুলী পেপার মিল লিমিটেডের (কেপিএম) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ্, কাপ্তাই বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের সহ-ব্যবস্থাপক তীর্থ জিৎ রায়, কেপিএম এর মহা ব্যবস্থাপক ( বানিজ্যিক) আব্দুল্লাহ আল মামুন, কেপিএম এর উৎপাদন বিভাগের প্রধান মো. মইদুল ইসলাম, ওয়াগ্গা টি লিমিটেডের পরিচালক খোরশেদুল আলম কাদেরী, বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান বাবু, কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, মানবাধিকার কর্মী নুর বেগম মিতা প্রমুখ।

বৈঠকে বক্তারা বলেন, কাপ্তাই উপজেলাকে সামগ্রিকভাবে উন্নয়ন করতে হলে পর্যটন শিল্পের সম্ভাবনাকে জাতীয় ভাবে তুলে ধরতে হবে, উপজেলায় নতুন নতুন শিল্প কারখানা গড়ে তোলার পাশাপাশি কাপ্তাইয়ের চন্দ্রঘোনা কেপিএম মিলকে সচল এবং কাপ্তাইকে মৌজা হিসেবে ঘোষণা করতে হবে।

বক্তারা আরো বলেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কুটির শিল্পকে তুলে ধরার পাশাপাশি এই অঞ্চলের উৎপাদিত ফল মূলকে প্রক্রিয়াজাত করার ব্যবস্থা করতে হবে, যাতে করে দেশের বিভিন্ন স্থানে উৎপাদিত ফল বানিজ্যিক ভাবে জেলার বাহিরে নিয়ে যাওয়া হয়। সেইসাথে কৃষি খাতে উন্নয়ন ঘটাতে হবে। বক্তারা সম্ভাবনাময় এই উপজেলার সার্বিক উন্নয়নে সরকারের হস্তক্ষেপ কামনায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।