শিরোনাম

ঢাকা, ২২ এপ্রিল, ২০২৬ (বাসস) : চাঁদপুরে প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ১২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।
আজ বুধবার বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, চাঁদপুর মিনি কক্সবাজার সংলগ্ন এলাকায় আজ বুধবার বিকাল ৩টায় কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
সাব্বির আলম সুজন আরও বলেন, এই অভিযানে সন্দেহজনক একটি যাত্রীবাহী বোটে তল্লাশি করে প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ১২ কেজি গাঁজাসহ দুই জন মাদক কারবারিকে আটক করা হয়।
জব্দকৃত গাঁজা ও আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
সাব্বির আলম সুজন আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।