শিরোনাম

শেরপুর, ২২ এপ্রিল ২০২৬ (বাসস): শেরপুরে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করায় এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ দুপুরে শেরপুর সদরের বয়ড়া পরানপুরের মেসার্স বাবর ফিলিং স্টেশনকে এই জরিমানা করা হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব সরকার এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি জানান, শেরপুর সদরের মেসার্স বাবর ফিলিং স্টেশন কর্তৃপক্ষ অবৈধভাবে জ্বালানি তেল মজুত এবং পাচার করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। এসময় অভিযোগ প্রমাণিত হওয়ায় মেসার্স বাবর ফিলিং স্টেশনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় এক লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
জব্দকৃত ৮৩৫ লিটার জ্বালানি তেল উন্মুক্ত পদ্ধতিতে সরকারেরর নির্ধারিত দামে উপস্থিত জনসাধারণের মধ্যে ৯৬ হাজার ২৫ টাকায় বিক্রি করা হয়।
এ সময় উপস্থিত জনসাধারণকেও বিনা প্রয়োজনে তেল ক্রয় করে অবৈধভাবে মজুত করতে নিরুৎসাহিত করা হয়। জ্বালানি তেলের যে কোন অবৈধ মজুত,পরিবহন ও বিক্রয়ে জেলা প্রশাসনের সতর্ক ও কঠোর অবস্থানের বিষয়ে তাদের অবগত করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ বাসসকে বলেন, জনস্বার্থ সুরক্ষা এবং সরকারি নির্দেশ পালনে এধরনের অভিযান অব্যাহত থাকবে।