বাসস
  ২২ এপ্রিল ২০২৬, ১৬:১৬

গোপালগঞ্জে কৃষি উন্নয়ন ও নিরাপদ খাদ্য নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

ছবি : বাসস

গোপালগঞ্জ, ২২ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলায় কৃষক, কৃষির উন্নয়ন ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সদর উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা কৃষি অফিসে এ কংগ্রেসের আয়োজন করা হয়।

প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশের (পার্টনার)  আওতায় আয়োজিত  এ পার্টনার কংগ্রেসে প্রধান অতিথির বক্তব্য দেন  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে জেলা খামারবাড়ির অতিরিক্ত উপ-পরিচালক আবুল বাসার মিয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, করপাড়া ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান , গোবরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী সালাউদ্দিন ও সাংবাদিক শৈলেন মজুমদার ।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তারের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লোকমান হাকিমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সদর উপজেলার গোবরা গ্রামের কৃষক আকরামুজ্জামান গাজী, ছিলনা গ্রামের কৃষানী রিতা কীর্তনীয়াসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

এরআগে এ কংগ্রেসে কৃষক-কৃষানীরা কবিতা আবৃত্তি, সংগীত ও নাটিকা উপস্থাপনের মধ্য দিয়ে উত্তম কৃষি চর্চা, দৈনন্দিন প্রয়োজন, সুষম খাদ্য সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।

প্রধান অতিথি বলেন, 'কৃষি একটি মহাযজ্ঞ ও অনেক প্রযুক্তির সমাহার । সমাজের সর্বস্তরের মানুষ এটি জানুক। এ কংগ্রেসে স্থানীয় কৃষক - কৃষানী, গণমাধ্যম কর্মী, গণ্যমান্য ব্যক্তি , জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, উদ্যোক্তা কৃষক  অংশগ্রহণ করেছে। আমাদের লক্ষ্য উদ্যোক্তা কৃষক তৈরি করা। এর মাধ্যমে উদ্যোক্তা কৃষক বৃহৎ জনগোষ্ঠীর খাদ্য যোগাতে পারবে । এ কংগ্রেস থেকে এটিই আমাদের প্রত্যাশা।'

ওই কর্মকর্তা আরো বলেন, 'কৃষির উন্নয়ন, নিরাপদ খাদ্য উৎপাদন বৃদ্ধি ও কৃষিকে বাণিজ্যিকীকরণে এ কংগ্রেস ভূমিকা রাখছে।

এ কংগ্রেসের কৃষান -কৃষানী, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সরকারি কর্মকর্তাসহ সহ ১০০ জন অংশ নেন।