শিরোনাম

যশোর, ২২ এপ্রিল, ২০২৬ (বাসস) : যশোরে বড় একটি কাঠালের ভেতর কৌশলে ৪০ বোতল কাশির সিরাপ ‘উইনসেরেক্স’ নিয়ে ঢাকায় যাওয়ার পথে আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তি পুলিশের হাতে আটক হয়েছেন।
আটক আব্দুর রাজ্জাক জেলার চৌগাছা উপজেলার সিংহঝুলি গ্রামের মৃত ওম আলী খাঁর ছেলে।
পুলিশ জানায়, মাদক হিসেবে ব্যবহৃত এই কাশির সিরাপ ঢাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন আব্দুর রাজ্জাক।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বাসস’কে বলেছেন, ভারতে নিষিদ্ধ এই ওষুধ দক্ষিণ-পশ্চিমের সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। ফেন্সিডিলের দাম এখন প্রায় ৪ হাজার টাকার মতো। আর ‘উইনসেরেক্স’এর দাম এক থেকে দেড় হাজার টাকার মধ্যে। এই সিরাপ মূলত শুষ্ক কাশির চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। তবে ফেন্সিডিলের মতোই নেশা হওয়া ও দাম কমের কারণে এই সিরাপের দিকে ঝুঁকছে মাদক সেবনকারীরা।
কর্মকর্তারা বলেছেন, এই মাদক সেবনে গলা-বুক শুকিয়ে আসে, ঝিমুনির মতো হয়ে থাকে। এটি সেবনে কিডনি ও লিভার অকেজো হয়ে পড়ে। আরেকটি বড় ক্ষতির দিক হচ্ছে, দীর্ঘদিন সেবনে পুরুষদের প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যায়।
এদিকে চৌগাছা থানার এসআই ইমরান হোসেন বাসস’কে জানান, আব্দুর রাজ্জাক কাঁঠালের ভেতর ঢুকিয়ে ‘উইনসেরেক্স’ নামের এই মাদক ঢাকায় নেয়ার জন্য বুধবার ভোর সাড়ে ৫টার দিকে চৌগাছা ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী বাসের জন্য অপেক্ষা করছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে তিনি কাঁঠালসহ আব্দুর রাজ্জাককে আটক করেন। পরে কাঁঠালের ভেতর ৪০ বোতল ‘উইনসেরেক্স’ পাওয়া যায়।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান এসআই ইমরান হোসেন।