শিরোনাম

রাজবাড়ী, ২২ এপ্রিল, ২০২৬ (বাসস) : ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলা জজ আদালত প্রাঙ্গণে আজ এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ আইনগত সহায়তা অধিদফতর (ডিবিএলএ) ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশ’র যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা ও দায়রা জজ মো. আনিসুর রহমান,
অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসেন, নারী ও শিশু বিষয়ক কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা মো.হাসান আল আজাদ, জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি এডভোকেট কাজী আব্দুল বারী,সাধারণ সম্পাদক এডভোকেট মো. আব্দুর রাজ্জাক, সিনিয়র আইনজীবি মোসলেম উদ্দিন খান মোমেন,ইউএনডিপি লিগ্যাল এইড বিষয়ক প্রতিনিধি তানজিলা ইসলাম।
রাজবাড়ী লিগ্যাল এইড কমিটির সভাপতি এবং জেলা ও দায়রা জজ মো. আনিসুর রহমান বলেন,সমাজে অনেক অসহায় মানুষ আছেন যারা টাকা পয়সার অভাবে মামলা চালাতে পারেন না। তারা অনলাইনের মাধ্যমে যাতে ঘরে বসে বিচার সহযোগিতা পেতে পারেন, সেই তথ্য জানানোর জন্যই আমরা আজকে এই সভার আয়োজন করেছি।
জমি-জমা, দেন মোহর, ভরণ পোষণ, এসব বিষয়েই অনলাইনেই একটি মোবাইলের মাধ্যমে তথ্য জানিয়ে মামলায় না জড়িয়েও বিনা পয়সায় সরকারী খরচে মীমাংসা পেতে পারেন। আমরা বিরোধী দলকে আপসের ভিত্তিতে নিষ্পত্তি করে দিয়ে থাকি।
তিনি বলেন, লিগ্যাল এইড অনেক মামলা থাকলেও এখন কমে এসেছে।এর সংখ্যা এখন মাত্র ৭৪টি।
ইউএনডিপি প্রতিনিধি তানজিলা ইসলাম বলেন, বাংলাদেশের ৩শ’ ইউনিয়নে এ প্রজেক্ট কাজ করে যাচ্ছে। অনলাইনে লিগ্যাল এইডের এই নম্বরে ১৬৬৯৯ ডায়াল করে সহযোগিতা পেতে পারেন।
বক্তারা বলেন, মানুষকে সচেতন করতে হবে। যারা সুষ্ঠ বিচার থেকে বঞ্চিত, বিচার পাওয়ার তেমন কোনো সুযোগ নেই,লিগ্যাল এইড থেকেও যারা বঞ্চিত তাদের জন্য বিনা পয়সায় বিচার পাওয়ার একটি সুযোগ সৃষ্টি হয়েছে।
বক্তারা বলেন, যার টাকা আছে তিনি যেমন বিচারিক সুবিধা পাবেন, যার টাকা নেই তিনিও সেই সুবিধা পাবার জন্যই লিগ্যাল এইড আপনার দোরগোড়ায় বিচার পাবার ব্যবস্থা করবে।