বাসস
  ২২ এপ্রিল ২০২৬, ১১:২৫

হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে বিজিবি

ছবি: সংগৃহীত

ঢাকা, ২১ এপ্রিল, ২০২৬ (বাসস): বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালিয়ে ২ কোটি ২০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার আমদানি নিষিদ্ধ অবৈধ ওষুধ ও ফুচকা জব্দ করেছে।

হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আজ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, আজ দুপুরে বিজিবির হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলাধীন মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় একটি ট্রাকে তল্লাশি করে ভারতীয় বিভিন্ন প্রকার আমদানি নিষিদ্ধ অবৈধ ওষুধ এবং ফুচকা জব্দ করে। জব্দকৃত মালামালের সিজারমূল্য আনুমানিক ২ কোটি ২০ হাজার টাকা।

জব্দকৃত ভারতীয় ওষুধ ও ফুচকাগুলো আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবির কঠোর অবস্থানে রয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।