বাসস
  ২১ এপ্রিল ২০২৬, ২০:২৮

গোপালগঞ্জে অবৈধ তিনটি ইটভাটা বন্ধ, ৯ লাখ টাকা জরিমানা 

গোপালগঞ্জ, ২১ এপ্রিল ২০২৬ (বাসস): জেলার সদর উপজেলায় আজ অবৈধভাবে পরিচালিত ‘শেখ ব্রিকস’, ‘মোল্লা ব্রিকস’ ও ‘গাজী ব্রিকস’ নামের তিনটি ইটভাটাকে মোট নয়লাখ টাকা জরিমানা ও কার্যক্রম বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার দিনব্যাপী অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুল ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।

অভিযানকালে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মনিরুজ্জামান শেখ। 

এ সময় পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহফুজুর রহমানসহ পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিস সদস্যরা উপস্থিত ছিলেন। 

সহকারী পরিচালক মাহফুজুর রহমান জানান, জেলার সদর উপজেলায় ‘শেখ ব্রিকস’, ‘মোল্লা ব্রিকস’ ও ‘গাজী ব্রিকস’ নামের তিনটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের পরিচালনা করা হয়। এ সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি স্কেভেটর বা পেলোডারের সাহায্যে ইটভাটার কিলন ভেঙ্গে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এছাড়াও তিনটি ইটভাটাকে মোট নয়লাখ  টাকা জরিমানা করা হয়।