শিরোনাম

সাতক্ষীরা, ২১ এপ্রিল ২০২৬ (বাসস): জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় শাড়ি, ওষুধ ও মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করা হয়েছে।
আজ মঙ্গলবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার তলুইগাছা, মাদরা ও বৈকারী বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার নটিজঙ্গল নামক স্থান হতে ভারতীয় ওষুধ, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার উত্তর ভাদিয়ালী নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।এছাড়া, বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার নতুন পাড়া নামক স্থান হতে ভারতীয় শাড়ি জব্দ করে।
জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক সাতলাখ ৯৪ হাজার দুইশ’ টাকা।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের অধিনায়ক (৩৩ বিজিবি) লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে।