শিরোনাম

দিনাজপুর, ২১ এপ্রিল ২০২৬ (বাসস): জেলার সদর উপজেলায় আজ দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ট্রাক চাপায় শাকিল হোসেন (১৮) নামের এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার বিকাল ৪ টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সদর উপজেলার ভবাইনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাকিল হোসেন দিনাজপুর সদর উপজেলার শশরা ইউনিয়নের রানীপুর গ্রামের মো. আনোয়ার হোসেনের পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকাল ৪ টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার কাশীপুর এলাকায় যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে বাইসাইকেল যোগে শাকিল হোসেন নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ভবাইনগর নামক স্থানে পিছন দিক থেকে একটি ট্রাক তার সাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনায়স্থলেই ট্রাকের নিচে পিষ্ট হয়ে শাকিলের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরনবী জানান, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, দুর্ঘটনায় কবলিত ঘাতক ট্রাকটি জব্দ ও চালকের সহকারী বাবুল ইসলামকে (২৫) আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।