বাসস
  ২১ এপ্রিল ২০২৬, ১৭:১৬

ফেনী পৌরসভায় প্রকল্প বাস্তবায়নে কর্মশালা

ছবি : বাসস

ফেনী, ২১ এপ্রিল, ২০২৬ (বাসস) : ফেনী পৌরসভা আধুনিকায়নের লক্ষ্যে ৫ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ২ দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

সরকার এবং বিশ্ব ব্যাংকের যৌথ উদ্যোগে আজ মঙ্গলবার সকালে পৌরসভার হল রুমে ‘বাংলাদেশ রিজিলিয়েন্ট আরবান এ্যান্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট’ (আরইউটিডিপি) এর এ কর্মশালা শুরু হয়। 

পৌরসভায় সূত্রে জানা গেছে, আরইউটিডিপি প্রকল্পের অধীনে পৌরসভায় রাস্তা ও ড্রেনের উন্নয়ন কাজ বাস্তবায়ন ও জলবায়ু সহিষ্ণু উন্নত নগর, অবকাঠামো ও সুবিধাদি নির্মিত হবে। 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ২০২৪ সালের জুলাই থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত ৬ বছর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়িত হওয়ার কথা রয়েছে। এ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৯০১ কোটি টাকা। যার মধ্যে বাংলাদেশ সরকারের কাউন্টারপার্ট ফান্ডিং অনুদান ১ হাজার ৬৪১ কোটি টাকা। 

এরআগে প্রকল্পটি গত ২০১৪ সালের ২১ জুন বিশ্ব ব্যাংকের বোর্ড অফ এক্সিকিউটিভ ডাইরেক্টরসের সভায় অনুমোদিত হয়েছে। অধিকন্ত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় ২০২৪ সালের ৭ অক্টোবর প্রকল্পটি অনুমোদিত হয়।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, আরইউটিডিপি প্রকল্পের অধীনে পৌরসভায় ২৮ কোটি টাকার রাস্তা ও ড্রেনের জন্য ইতোমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। পর্যায়ক্রমে পৌরসভার উন্নয়নে আরো কাজ করা হবে। 

পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোমেন শর্মার সভাপতিত্বে এ কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, (আরইউটিডিপি) নগর পরিকল্পনাবিদ মো. আবদুর রকিব খান, সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মো. জাহিদুল ইসলাম, পরিবেশ বিশেষজ্ঞ আল আমিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আতিক উল্যাহ, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উপ-পরিচালক নাসরীন আক্তার, জেলা শিক্ষা কর্মকর্তা মো. শফি উল্যাহ, ফেনী পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. সামছুদ্দীন।