বাসস
  ২১ এপ্রিল ২০২৬, ১৬:৩৮

দিনাজপুর বোর্ডে এসএসসি পরীক্ষায় প্রথমদিনে অনুপস্থিত ১ হাজার ১৭৮

এসএসসি পরীক্ষার প্রথমদিন আজ বাংলা প্রথমপত্র পরীক্ষা চলাকালিন দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র। ছবি : বাসস

দিনাজপুর, ২১ এপ্রিল ২০২৬ (বাসস): এসএসসি পরীক্ষার প্রথমদিন আজ বাংলা প্রথমপত্র পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮ জেলায় একহাজার ১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। 

এছাড়া এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন।

অধ্যাপক মো. বোরহান উদ্দিন জানান, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮ জেলায় ২৮৩'টি পরীক্ষা কেন্দ্রে বাংলা প্রথমপত্র পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল একলাখ ৪১ হাজার ২২০ জন। এর মধ্যে একলাখ ৪০ হাজার ৪২ জন পরীক্ষার্থী কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। অনুপস্থিত পরীক্ষার সংখ্যা একহাজার ১৭৮ জন এবং অনুপস্থিতির হার শূন্য দশমিক ৮৩ ভাগ। 

তিনি জানান, পরীক্ষা চলাকালে নকল করার দায়ে গাইবান্ধা সদর উপজেলার একটি কেন্দ্রে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুহা. তৌহিদুল ইসলাম জানান, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন এবং কেন্দ্র সচিবের কক্ষ থেকে পরীক্ষা কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।