শিরোনাম

খাগড়াছড়ি, ২১ এপ্রিল,২০২৬ (বাসস): জেলা সদরের আপার পেরাছড়া গ্রামের আপার পেরাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের বটগাছে আজ একটি লজ্জাবতি বানর দেখতে পান অবসরপ্রাপ্ত সেনা সদস্য বিনয় চাকমা।
পরে তিনি বানরটিকে উদ্ধার করে খাগড়াছড়ি বন বিভাগকে খবর দিলে বন বিভাগের লোকজন এসে বানরটিকে নিয়ে যায়।
অবসরপ্রাপ্ত সেনা সদস্য বিনয় চাকমা বাসস’কে জানান তিনি সকালে হাটতে গিয়ে স্কুলের মাঠের বট গাছে লজ্জাবতি বানরটিকে দেখতে পান। বানরটিকে কেউ হত্যা করতে পারে বা কুকুরও কামড়ে মেরে ফেলতে পারে ভেবে তিনি বন বিভাগকে খবর দেন।
খাগড়াছড়ি বন বিভাগের বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা বলেন, প্রকৃতি ও বন্য প্রাণি অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। সেখানে থাকবে বন্য প্রাণি, থাকবে গাছপালা। এতে বুঝা যায়, সেখানকার পরিবেশ ভালো। খাগড়াছড়িতে অনেক বন্যপ্রাণী আছে, তবে এটা লজ্জাবতি বানর। এটা খুব বিরল বিষয় যে, বানরটি লোকালয়ে চলে এসেছে। একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য উদ্ধার করে তাদের খবর দেন। বন বিভাগের কর্মকর্তারা এখন বানরটির যত্ন নিচ্ছেন।