শিরোনাম

নাটোর, ২১ এপ্রিল ২০২৬ (বাসস) : সারাদেশের সাথে নাটোরে আজ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। জেলার ২১ হাজার ৬৩১ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছেন। জেলায় মোট ৪৭টি পরীক্ষা কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ।
এরমধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ২৭টি কেন্দ্রে ১৫ হাজার ৫৯২ জন, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১৩টি কেন্দ্রে ৩ হাজার ৮৩৫ জন এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৭ টি কেন্দ্রে ২ হাজার ২০৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন।
পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সচিবদের নির্দেশনা প্রদান করা হয়েছে।
নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাসমিন আহম্মেদ জানান, এই পরীক্ষা কেন্দ্রে ৬৭৮ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। এ বছর প্রথমবারের মতো সব পরীক্ষা কক্ষে সিসি ক্যামেরা সংযোজন করা হয়েছে। বোর্ডের সব নির্দেশনা অনুসরণ করে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ পরীক্ষাকেন্দ্রগুলো পরিদর্শন করছেন এবং পর্যবেক্ষণে রাখছেন। সফলভাবে পরীক্ষা সম্পন্ন করতে জেলা প্রশাসন বদ্ধপরিকর।