বাসস
  ২১ এপ্রিল ২০২৬, ১৩:৩০

পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত ও সুস্থতা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবা দিচ্ছে বাগেরহাট ছাত্রদল

বাগেরহাটে এসএসসি পরীক্ষার্থীদের যাতায়াত ও অভিভাবকদের ভোগান্তি কমাতে সহায়তামূলক উদ্যোগ গ্রহণ করেছে জেলা ছাত্রদল। ছবি: বাসস

বাগেরহাট, ২১ এপ্রিল ২০২৬ (বাসস): সারাদেশের মতো বাগেরহাটেও শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও সমমান পরীক্ষা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা এবং ছাত্রদল কর্মীদের মানবিক সেবায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জেলায় এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। 

আজ  সকাল থেকে একযোগে শুরু হওয়া এ পরীক্ষায় বাগেরহাট জেলায় মোট ১৮ হাজার ১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার্থী ১২ হাজার ৫৪ জন, মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষার্থী ১ হাজার ৫২৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৪ হাজার ৪২১ জন পরীক্ষার্থী রয়েছে।

জেলার ৯টি উপজেলার ৫২টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তারা কেন্দ্রগুলোতে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

পরীক্ষার্থীদের যাতায়াত ও অভিভাবকদের ভোগান্তি কমাতে মাঠে নেমেছে জেলা ছাত্রদল। তারা বিভিন্ন সহায়তামূলক উদ্যোগ গ্রহণ করেছে। যা ইতোমধ্যে প্রশংসা কুড়াচ্ছে।

এসএসসি পরীক্ষার্থী মুন্সী শেখ বলেন, আমি পরীক্ষা দিতে ভুল করে অন্য কেন্দ্রে চলে গেছিলাম। হাতে সময়ও কম ছিল। পরে ছাত্রদলের ভাইয়ারা আমাকে মোটর সাইকেলে করে কেন্দ্রে এগিয়ে দিয়ে গেছেন। তাদের এ ধরণের  সেবা অব্যাহত থাকুক সেই প্রত্যাশাই করি।

পরীক্ষার্থী দীপা দাস বলেন, ছাত্রদল এই তীব্র গরমের ভিতরে আমাদের জন্য পানির ব্যবস্থা করেছে। আমাদের অভিভাবকদের জন্য ছাউনির ব্যবস্থা করেছে। তাদের এ ধরণের সেবা পেয়ে আমাদের খুব ভালো লাগছে।

অভিভাবক মো. আব্দুল করিম বলেন, আগে গরমে দাঁড়িয়ে থাকতে কষ্ট হতো। এখন বসার জায়গা আর পানির ব্যবস্থা থাকায় অনেকটা স্বস্তি লাগছে।

অভিভাবক রহিমা বেগম বলেন, ছেলেকে নিয়ে একটু দুশ্চিন্তায় ছিলাম। এখানে এসে দেখছি ভালো পরিবেশ। 

সহযোগিতাও পাচ্ছি। এতে মনে জোর বেড়েছে।

বাগেরহাট জেলা ছাত্রদল নেতা শেখ আল মামুন বলেন, পরীক্ষার্থীরা যাতে কোনো ধরনের ভোগান্তিতে না পড়ে, সে জন্য আমরা ট্রাফিক ম্যানেজমেন্টে সহায়তা করছি। কোনো শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে বা কেন্দ্র খুঁজে পেতে সমস্যা হলে আমাদের হেল্পলাইনে কল করলেই দ্রুত ভলান্টিয়ার পৌঁছে যাবে।

তিনি বলেন, অভিভাবকদের জন্য কেন্দ্রের পাশে বসার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ফ্রি পানি ও স্যালাইন সরবরাহ করা হচ্ছে। যাতে এই গরমে কেউ অসুস্থ হয়ে না পড়েন।

পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষমান অভিভাবকরা বলেন, ছাত্রদলের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।  বসার জায়গা ও পানির ব্যবস্থা থাকায় সবার মধ্যে স্বস্তি এসেছে।

সংশ্লিষ্টরা বলছেন, প্রশাসনের কঠোর নজরদারি ও স্বেচ্ছাসেবী সংগঠনের এমন সহযোগিতার ফলে বাগেরহাটে শান্তিপূর্ণ পরিবেশেই অনুষ্ঠিত হচ্ছে এবারের এসএসসি ও সমমান পরীক্ষা।