বাসস
  ২০ এপ্রিল ২০২৬, ২০:২৬

চাঁদপুরে অনিয়মের দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 

চাঁদপুর, ২০ এপ্রিল ২০২৬ (বাসস): জেলায় আজ ভুয়া চিকিৎসা সেবা প্রদান ও অনুমোদনহীন ওষুধ বিক্রি, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাদ্যপণ্য প্রস্তুত এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণের দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৬৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

আজ সোমবার দুপুরে শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা মুক্তিযোদ্ধা সড়ক, প্রেস ক্লাব রোড ও কালিবাড়ি মন্দির সংলগ্ন এলাকায় নিয়মিত বাজার তদারকি অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, অভিযানকালে দেখা যায় নিউ মা ফার্মেসিতে একব্যক্তি নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে রোগী দেখছেন। তিনি হাড়ভাঙা এক রোগীর প্লাস্টার করেন এবং বিভিন্ন ওষুধ প্রেসক্রাইব করেন, যা সম্পূর্ণ বেআইনি। পাশাপাশি ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির ঘটনাও ধরা পড়ে। এসব অপরাধে ওই প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী রোগীর কাছ থেকে প্লাস্টার ও ওষুধ বাবদ নেয়া দুইহাজার সাতশ’ টাকা তাৎক্ষণিকভাবে ফেরত দেওয়া হয়। একই সঙ্গে রোগীকে দ্রুত সরকারি হাসপাতালে গিয়ে যথাযথ চিকিৎসা নেওয়ার পরামর্শ দেয়া হয়।

তিনি আরও জানান, এছাড়া উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাদ্যপণ্য প্রস্তুত করার দায়ে কাশ্মিরী সুইটস অ্যান্ড লাইভ বেকারির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মিষ্টিতে পোকা পাওয়া এবং যথাযথ সংরক্ষণ ব্যবস্থা না থাকায় কৃষ্ট ক্যাফে নামে মিষ্টির দোকানের মালিককে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ সময় জেলা স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।