শিরোনাম

সাতক্ষীরা, ২০ এপ্রিল ২০২৬ (বাসস): জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর অভিযানকালে ভারতীয় শাড়ি, ইমিটেশনের গহনা, মোবাইল ফোনের যন্ত্রাংশ ও মাদক সহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।
আজ সোমবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার কাঁকডাঙ্গা, মাদরা, ভোমরা ও হিজলদী বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানায়, গোপন তথ্যের ভিত্তিতে কাঁকডাঙ্গা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার কেড়াগাছি ও ভাদিয়ালী নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও শাড়ি, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার উত্তর ভাদিয়ালী নামক স্থান হতে ভারতীয় ইমিটেশনের গহনা এবং হিজলদী বিওপির বিশেষ আভিযানিক শিশুতলা নামক স্থান হতে ভারতীয় পাতার বিড়ি, ব্যাগ ও ক্রিম জব্দ করে।
এছাড়া, ভোমরা বিওপির পৃথক দইটি বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার গাজীপাড়া ও বাঁশকল চেকপোস্ট নামক স্থান হতে ভারতীয় মদ এবং ১৪৯ বোতল ভারতীয় নেশা জাতীয় উইং কোরেক্স সিরাপ সহ নুরুন্নাহার (৩০) নামের এক নারীকে আটক করে।
জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ১২ লাখ তিনহাজার ৭৪৪ টাকা।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল গুলো সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। জব্দকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিব ষ্টোরে জমা রাখা হয়েছে। এছাড়া, আটককৃত আসামীকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।