বাসস
  ২০ এপ্রিল ২০২৬, ১৯:০৭

ভোলায় ২ লাখ ৮৮ হাজার ৯২২ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে

ছবি : বাসস

ভোলা, ২০ এপ্রিল ২০২৬ (বাসস): হামের প্রাদুর্ভাব প্রতিরোধে জেলায় হাম-রুবেলার টিকাদান কর্মসূচি আজ সকাল ৮টা থেকে শুরু হয়েছে। জেলার ২ লাখ ৮৮ হাজার ৯২২ শিশুকে হাম-রুবেলা টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আজ থেকে ২০ মে পর্যন্ত নির্ধারিত দিনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকা প্রদান করা হবে। জেলার ৩ হাজার ১শত ৯০ টি কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ১ ডোজ করে বিনামূল্যে হাম-রুবেলার টিকা দেওয়া হবে। 

আজ দুপুরে ভোলা সিভিল সার্জন হল রুমে আয়োজিত এক অবহিতকরণ সভায় সিভিল সার্জন ডা. মোহাম্মদ মনিরুল ইসলাম হাম-রুবেলার টিকা বিষয়ে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন।

সিভিল সার্জন বলেন, টিকাদান কার্যক্রম আগামী ১০ মে পর্যন্ত চলবে। জেলার সবকটি ইউনিয়ন ও পৌরসভায় ২৩৮ জন স্বাস্থ্য সহকারী ও টিকাদান কর্মী টিকা দিবে। প্রতি কেন্দ্রে ২ জন করে স্বেচ্ছাসেবক সহযোগিতা করবেন। 

তিনি বলেন, নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে শিশুদের বিভিন্ন সংক্রামক রোগ থেকে সুরক্ষা দিতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে আজ থেকে ভোলায় শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি। এ কর্মসূচি শতভাগ সফল করে ভোলার প্রতিটি শিশুর স্বাস্থ্য সুরক্ষায় আমরা কাজ করছি।

তিনি সব শিশুর টিকা গ্রহণ নিশ্চিত করতে অভিভাবকদের নির্ধারিত সময়ে টিকাদান কেন্দ্রে আসার আহ্বান জানান। 
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভোলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তৈয়বুর রহমান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. খইয়াম ফারুকী প্রমুখ।