শিরোনাম

গাজীপুর, ২০ এপ্রিল ২০২৬ (বাসস): শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় জেলায় আজ হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।
গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) প্রশাসক মো. শওকত হোসেন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আজ এ কর্মসূচির উদ্বোধন করেন। নগরীর জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এর আয়োজন করা হয়।
মো. শওকত হোসেন সরকার বলেন, ‘হাম-রুবেলা একটি সংক্রামক রোগ। যা প্রতিরোধে টিকাদানই সবচেয়ে কার্যকর উপায়। প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা গেলে আমরা একটি সুস্থ ও নিরাপদ প্রজন্ম গড়ে তুলতে পারব।’
গাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান বলেন, সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য বিভাগ সমন্বিতভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রতিটি ওয়ার্ডে টিকাদান কার্যক্রম নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
মুহাম্মদ সোহেল হাসানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গাসিকের ভারপ্রাপ্ত সচিব মুহাম্মদ সানিউল কাদের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক, সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা।
গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মনজুরুল করিম রনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহানগরের দক্ষিণ সালনায় আজ আরেকটি টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন। এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এক টিকাদান কর্মসূচির আয়োজন করা হয়।
গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া, পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন, বিএনপি নেতা মীর হালিমুজ্জামান ননী প্রমুখ।
স্বাস্থ্য বিভাগ জানায়, হাম-রুবেলা একটি ভাইরাসজনিত সংক্রামক রোগ। যা হাঁচি-কাশির মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। বিশেষ করে গর্ভবতী নারীর জন্য এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কারণ গর্ভের প্রথম তিন মাসে আক্রান্ত হলে অনাগত শিশুর গুরুতর জটিলতা, এমনকি গর্ভপাতের ঝুঁকি থাকে।
দেশব্যাপী হাম রোগের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে ২০ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত ১৪ কর্মদিবসব্যাপী এ কর্মসূচি চলবে। গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭টি ওয়ার্ডে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।
সিটি কর্পোরেশনের আওতাধীন অঞ্চলগুলোতে ৫টি স্থায়ী কেন্দ্র, ১২৪টি অস্থায়ী কেন্দ্র এবং ৫টি মপ-আপ টিম কাজ করছে। কর্মজীবী মায়েদের শিশুদের জন্য বিশেষ সান্ধ্যকালীন টিকাদানের ব্যবস্থাও রাখা হয়েছে। এ কার্যক্রমের আওতায় সিটি কর্পোরেশনের ৫টি অঞ্চলে মোট ১ লাখ ৭৬ হাজার ১৩১ শিশুকে টিকা দেওয়া হবে। অপরদিকে কোনাবাড়ি, কাশিমপুর ও কাউলতিয়া এলাকায় আরও ৮১ হাজার ৭৭১ শিশুকে সিভিল সার্জনের তত্ত্বাবধানে টিকা প্রদান করা হবে।
স্বাস্থ্য বিভাগ ও সিটি কর্পোরেশন নির্ধারিত কেন্দ্রগুলোতে সকাল ৯টা থেকে বিকাল ৪টার মধ্যে শিশুদের টিকা নিশ্চিত করে হাম-রুবেলা মুক্ত গাজীপুর গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।