বাসস
  ২০ এপ্রিল ২০২৬, ১৮:৩৫

ঝিনাইদহে দুস্থ রোগী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ

ছবি : বাসস

ঝিনাইদহ, ২০ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলায় আজ দুস্থ রোগী, অসচ্ছল মেধাবী শিক্ষার্থী ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। জেলার বিভিন্ন এলাকার ২৭ জন উপকারভোগীর মাঝে মোট ২৫ লাখ ৯৮ হাজার ২৫০ টাকার চেক বিতরণ করা হয়।

ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ আজ দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে উপকারভোগীদের মাঝে এসব চেক বিতরণ করেন।

এম এ মজিদ বলেন, সরকার সমাজের প্রতিটি খাতে সুষম উন্নয়ন ও সহায়তা পৌঁছে দিতে বদ্ধপরিকর। জেলা পরিষদ জবাবদিহিমূলক প্রতিষ্ঠান। এটি জনগণের প্রতিষ্ঠান।

স্বচ্ছতা ও ন্যায্যতার ভিত্তিতে জেলার অসহায়, দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা পৌঁছে দিতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। 

তিনি বলেন, সরকার জনগণের অধিকার ও সুবিধাপ্রাপ্তি সহজতর করার উদ্যোগ নিয়েছে। আমরা তৃণমূল পর্যায়ে সরকারের সেই উদ্যোগ বাস্তবায়নে সর্বোচ্চ সচেষ্ট রয়েছি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, প্রধান সহকারী মো. আনওয়ারুল ইসলাম প্রমুখ। 

অনুষ্ঠানে চিকিৎসা সহায়তা বাবদ ২ লাখ ৫৩ হাজার টাকা, ধর্মীয় উৎসব বাস্তবায়ন বাবদ ৯০ হাজার টাকা, অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি বাবদ ৪৫ হাজার ও সিপিপিসি প্রকল্প উন্নয়ন বাবদ ২২ লাখ ১০ হাজার ২৫০ টাকার চেক বিতরণ করা হয়।