শিরোনাম

নেত্রকোণা, ২০ এপ্রিল ২০২৬ (বাসস): দেশব্যাপী আয়োজিত জাতীয় হাম-রুবেলা (এম-আর) ক্যাম্পেইন-২০২৬ এর অংশ হিসেবে জেলায় আজ থেকে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।
জেলার ৯টি উপজেলা ও ২টি পৌরসভায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট দুইলাখ ২৪ হাজার ৮০৯ জন শিশুকে এই টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নিয়ে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়েছে।
আজ সোমবার সকাল দশটায় জেলা শহরের ক্রিয়েশন স্কুলে আনুষ্ঠানিকভাবে এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামান।
এ সময় জেলার সিভিল সার্জন ডা. গোলাম মওলা এবং অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় মোট ১০টি স্থায়ী এবং দুইহাজার ৬৪টি অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে পর্যায়ক্রমে এই টিকা প্রদান করা হচ্ছে। এর মধ্যে ৪৬১টি কেন্দ্র দুর্গম বা 'হার্ড-টু-রীচ' এলাকায় অবস্থিত। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইপিআই-এর শিডিউলভুক্ত এসব কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলমান থাকবে এবং উদ্দিষ্ট সময়ের মধ্যে স্কুলপড়ুয়া শিশুদেরও টিকা দেয়া হবে।