শিরোনাম

নাটোর, ২০ এপ্রিল ২০২৬ (বাসস) : জেলার সিংড়া উপজেলায় আজ সেচ যন্ত্রে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজল মোল্লা (২৪) নামের একব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ সোমবার সকাল ৮ টায় সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের মহিষমারী কাচারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত সজল মোল্লা জেলার সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের মহিষমারী কাচারীপাড়ার শহিদ মোল্লার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের মহিষমারী কাচারীপাড়া এলাকার সজল মোল্লা সোমবার সকাল আটটায় নিজেদের বসতবাড়ির পাশে ফসলি জমির সেচ কাজে ব্যবহৃত সেচ যন্ত্রে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর অবস্থায় সজল মোল্লাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।