বাসস
  ২০ এপ্রিল ২০২৬, ১৮:০১

তিন সেতু বদলে দেবে নড়াইলের যোগাযোগ ব্যবস্থার চিত্র

ছবি: বাসস

সুলতান মাহমুদ

নড়াইল, ২০ এপ্রিল ২০২৬ (বাসস) : জেলা সদর ও লোহাগড়া উপজেলায় নির্মাণাধীন তিনটি সেতুর কাজ সম্পন্ন হলে বদলে যাবে নড়াইলের যোগাযোগ ব্যবস্থার চিত্র। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের সাথে সাথে এই জনপদের জীবনমানেরও উন্নয়ন হবে। 

স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র সদর উপজেলা প্রকৌশলী মো. খাইরুল ইসলাম বাসসকে বলেন, সেতু তিনটি নির্মাণের ফলে দুই উপজেলার যোগাযোগের ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হবে। 
তিনি বলেন, সদর উপজেলার ফেদি, ভুমুরদিয়া, চালিতাতলাসহ কয়েকটি গ্রাম ও লোহাগড়া উপজেলার কলাগাছি, রায়গ্রাম,নলদীসহ বিভিন্ন গ্রামের পাশ দিয়ে প্রবাহিত নবগঙ্গা নদীর ওপর নির্মিত হচ্ছে এ তিনটি সেতু। 

তিনি জানান, নবগঙ্গা নদীর ওপর ফেদি-আলীগঞ্জ বাজার এলাকায় ১০ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে একটি সেতু এবং নলদী ঘাট এলাকায় ৯ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে একটি সেতুর নির্মাণ কাজ প্রায় ৬৫ শতাংশ সম্পন্ন হয়েছে। জুন ২০২৬-এর মধ্যে এর নির্মাণ কাজ সমাপ্ত হওয়ার কথা। এছাড়াও চালিতাতলা বাজার সংলগ্ন এলাকায় নবগঙ্গা নদীর ওপর ৩১ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে একটি সেতুর নির্মাণ কাজ চলমান রয়েছে। জুলাই ২০২৬ এর মধ্যে এই সেতুর নির্মাণ কাজ সমাপ্ত হওয়ার কথা। 

তিনি বলেন, এই সেতুগুলোর নির্মাণ কাজ সমাপ্ত হলে সদর ও লোহাগড়া উপজেলার বিভিন্ন গ্রাম ও হাটবাজারের যোগাযোগ, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য সেবা ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। সর্বস্তরে উন্নয়নের দুয়ার খুলে যাবে। 

সদর উপজেলার পাইকমারী গ্রামের সাজ্জাদুর রহমান রিপন বাসসকে বলেন, ‘তিনটি সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হলে আমরা দ্রুততম সময়ের মধ্যে বিভিন্ন স্থানে যাতায়াত করতে পারবো। আগের মতো আমাদের কষ্টের দিন থাকবে না।’ 

স্থানীয় ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, ‘নদী ঘাটে নৌকার জন্য অপেক্ষা করে আর সময় পার করতে হবে না। এতে আমাদের যেমন সময় সাশ্রয় হবে, তেমনি আমাদের ব্যবসায়ও প্রসার হবে।’

প্রকৌশলী মো. খাইরুল ইসলাম বলেন, ‘নবগঙ্গা নদীর ওপর নির্মিতব্য তিনটি সেতু সদর ও লোহাগড়া উপজেলার সাথে যোগাযোগের উন্নয়ন ঘটাবে। এতে দুই উপজেলার মানুষের মধ্যেও পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি পাবে। শিক্ষা ও সংস্কৃতির আদান-প্রদানের মাধ্যমে জেলা জুড়ে সমৃদ্ধির ছোঁয়া লাগবে।’ 

নলদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আছাদুজ্জামান বাসসকে বলেন, ‘চারদিকে নদী, অথৈ পানির ঢেউ এর মাঝেই ছিল আমাদের বসবাস। নবগঙ্গা নদীর উপর তিনটি সেতু নির্মাণের ফলে নদী তীরবর্তী ও আশপাশের মানুষের জীবনে আধুনিকতার ছোঁয়া লাগবে। নদীমাতৃক নড়াইল এখন উন্নয়ন সমৃদ্ধির মডেল জনপদ হিসেবে সর্বত্র পরিচিত হবে।’ 

উল্লেখ্য, নবগঙ্গা নদী বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইল জেলার একটি গুরুত্বপূর্ণ নদী। মাথাভাঙ্গা নদী থেকে উৎপন্ন হয়ে এটি প্রবাহিত হয়ে ভৈরব নদে পতিত হয়েছে।

এই নদীটি মাগুরা ও নড়াইল শহরের পাশ দিয়ে বয়ে গেছে। এই নদী নড়াইল সদর ও লোহাগড়া উপজেলার মাঝখান দিয়ে প্রবাহিত হওয়ায় দুই তীরের মানুষের যোগাযোগ সংকট রয়েছে। যা একই জেলার মানুষকে দুই প্রান্তে আলাদা করে রেখেছে। 

স্থানীয়দের মতে, সেতু তিনটি নির্মিত হলে নবগঙ্গা নদীর দুই তীরের মানুষের যোগাযোগ সংকট দূর হবে। তাদের মধ্যে সার্বিক যোগাযোগও বৃদ্ধি পাবে।