বাসস
  ২০ এপ্রিল ২০২৬, ১৭:৪২

চট্টগ্রামে পিকআপের গ্যাস সিলিন্ডারে লুকানো সাড়ে ১৪ হাজার ইয়াবা উদ্ধার

ছবি: বাসস

চট্টগ্রাম, ২০ এপ্রিল, ২০২৬ (বাসস) : চট্টগ্রাম নগরীর কর্ণফুলী এলাকায় একটি পিকআপে থাকা গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে ১৪ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। 

এ ঘটনায় পিকআপটির চালক মো. শওকত আলী (৩৭) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাহবুব আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার সন্ধ্যা ৭টার দিকে কর্ণফুলী থানার শিকলবাহা এলাকার ইউনুছ মার্কেট সংলগ্ন সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

পুলিশ জানায়, কক্সবাজার থেকে ইয়াবার একটি চালান চট্টগ্রাম নগরে আনা হচ্ছেÑ এমন গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় তল্লাশি চালানো হয়। 

এ সময় একটি পিকআপ থামিয়ে তল্লাশি করা হলে গাড়িতে থাকা একটি খালি গ্যাস সিলিন্ডারের ভেতর বিশেষ কৌশলে রাখা ইয়াবাগুলো পাওয়া যায়।

মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত শওকত আলী সিলিন্ডারের ভেতরে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। 

তারা আরও জানান, পরে শওকতের দেখানো মতে, সিলিন্ডারের ভেতর থেকে ইয়াবাগুলো বের করা হয়। 

ইয়াবা বহনে ব্যবহৃত একটি পিকআপ ও একটি খালি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়েছে।

এ ঘটনায় কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 
একই সঙ্গে এ চক্রের অন্য সদস্যদের শনাক্তে তদন্ত চলছে।